মিয়ানমারের সামরিক বাহিনীর সমর্থিত সরকার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) কর্তৃক রোহিঙ্গা জনগণের ওপর গণহত্যার অভিযোগে দেওয়া রায় মানবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। তিনি বলেন, সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিলেও যেসব নির্দেশনাকে ‘অনুপযুক্ত’ মনে করবে, সেগুলো বাস্তবায়নে রাজি হবে না।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’-এ প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বৈঠকে মিন অং হ্লাইং বলেন, মিয়ানমার একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে যথাযথ পদক্ষেপ নেবে, তবে দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়— এমন কোনো পদক্ষেপ তিনি মেনে নেবেন না।
এর আগে, তিনি মামলাটিকে ‘একপাক্ষিক অভিযোগ’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, রায়ের ক্ষেত্রে ‘গণহত্যা’ শব্দটির ব্যবহার মিয়ানমারের ভাবমূর্তির ব্যাপক ক্ষতি করেছে।
আইসিজে গত সপ্তাহে রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত নৃশংস অভিযানের ঘটনায় গণহত্যার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, নিরাপত্তা বাহিনী হাজারো রোহিঙ্গা বেসামরিক মানুষকে হত্যা করে এবং ব্যাপক যৌন সহিংসতার ঘটনা ঘটে।
মিয়ানমার সরকার ওই অভিযানের আত্মপক্ষ সমর্থন করে বলেছিল, এটি বিদ্রোহীদের বিরুদ্ধে বৈধ সামরিক অভিযান। তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেনি।
আইসিজের রায় অনুযায়ী, মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার সুযোগ নিশ্চিত করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। আদালতের এই রায় আইনগতভাবে বাধ্যতামূলক হলেও, এটি কার্যকর করার কোনো ব্যবস্থা নেই।
রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে পৃথকভাবে আইনি পদক্ষেপ বিবেচনা করছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে আদালতটি।
এদিকে, পশ্চিমা দেশগুলো ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মিয়ানমারের ওপর আইসিজের রায় বাস্তবায়নের চাপ বাড়িয়েছে।