সৌদি আরবের জাজান তেল পরিশোধনাগারে আবারো হামলা চালিয়েছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবারের এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।
এর আগে, বুধবারও জাজানে হামলা চালিয়েছিল হুতিরা, তবে সেই হামলা প্রতিহত করার দাবি করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবারের হামলায় হুতিদের ড্রোন সরাসরি পরিশোধনাগারে আঘাত হেনেছে।
এদিকে, ইয়েমেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হোদেইদাতের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যে হুতিদের অবস্থান লক্ষ্য করে ৭৬৭টি হামলা চালানো হয়েছে।
সরকারি বাহিনীর দাবি অনুযায়ী, এ হামলায় ১১৭ হুতি যোদ্ধা নিহত হয়েছে এবং ৮৭টি যানবাহন ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।