কুয়েতে একটি ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর ইরানের ছোঁড়া ড্রোন প্রতিহত করার পর ধ্বংসাবশেষের কারণে প্রথমে চারজন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়, যা ইতালির বার্তা সংস্থা এএনএসএ জানিয়েছে।
এছাড়া, হামলায় একজন কুয়েতি এবং একজন পাকিস্তানি নাগরিকও আহত হয়েছেন বলে জানায় কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে, ইরানের সশস্ত্র বাহিনী হামলার অভিযোগ অস্বীকার করেছে। বাহিনীর মুখপাত্র সরদার শেখরচি বলেন, কুয়েতে তারা কোনো হামলা বা অভিযান চালায়নি। তার দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অতীতে মিথ্যা হামলার ঘটনা সাজিয়ে আঞ্চলিক অস্থিরতা তৈরির চেষ্টা করেছে।
উল্লেখ্য, উপসাগরীয় অঞ্চলের ছোট দেশ কুয়েতে যুক্তরাষ্ট্রের বড় সামরিক উপস্থিতি রয়েছে। ইরানের হামলার অন্যতম লক্ষ্য এসব সামরিক ঘাঁটি ও স্থাপনা।