থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি তেল শোধনাগার ও সংরক্ষণাগারে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে বেশিরভাগই দগ্ধ হয়েছেন এবং তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ব্যাংককের ইরাওয়ান মেডিকেল সেন্টারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পর আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যাংককের পূর্বাঞ্চলীয় এলাকা থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠছে।
প্রায় এক ঘণ্টার মধ্যে নগর কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরে বাসিন্দাদের বাড়িতে ফিরতে দেওয়া হয়। তবে শোধনাগারের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারীদের বায়ুদূষণের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
তেল শোধনাগারটির মালিক প্রতিষ্ঠান ব্যাংচাক করপোরেশন ফেসবুক পোস্টে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে এবং আগুন লাগার কারণ অনুসন্ধানের কাজ শুরু করেছে।
থাইল্যান্ডের জ্বালানিমন্ত্রী আকানাত প্রমফান জানান, শোধনাগারের একটি ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ‘তেল সংরক্ষণাগারটি শতভাগ নিরাপদ— এ বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা তাদের উৎপাদন কার্যক্রম পুনরায় শুরুর অনুমতি দেব না।’
জ্বালানিমন্ত্রী আরও জানান, এ ঘটনায় দেশের জ্বালানি সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা নেই। থাইল্যান্ডে আরও পাঁচটি তেল শোধনাগার রয়েছে এবং দুর্ঘটনাকবলিত স্থাপনাটি দেশের সবচেয়ে বড় শোধনাগারগুলোর একটি নয়।
এ শোধনাগারটি প্রতিদিন ১ লাখ ২০ হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রাখে এবং এটি থাইল্যান্ডের নগরাঞ্চলে অবস্থিত একমাত্র তেল শোধনাগার। ২০১২ সালে একই শোধনাগারে আরেকটি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।