শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকার শ্রেণিকক্ষকে প্রযুক্তি নির্ভর করার পরিকল্পনা করছে। আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস-এর সেমিনার ও বার্ষিক সভার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃত্তিম বুদ্ধিমত্তা-এআইয়ের ওপর ভিত্তি করে শিক্ষার নতুন এক প্রজন্ম গড়ে উঠছে এবং সরকার এ বিষয়ে অত্যন্ত আন্তরিক। তিনি জানান, দেশের শ্রেণিকক্ষকে মাল্টিমিডিয়া ও তথ্য-প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।
এ সময় তিনি পূর্ববর্তী বাজেটের তুলনায় চলতি বছরের বাজেটে শিক্ষা খাতের জন্য জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখার কথা উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, আগামীতে এই বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, বাংলাদেশ এআই খাতে বড় ধরনের বিনিয়োগের অপেক্ষায় রয়েছে। তরুণ প্রজন্মকে দেশের প্রধান সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, 'এই অদৃশ্য সম্পদকে দৃশ্যমান সম্পদে রূপান্তরিত করতে হবে।'
তিনি বলেন, 'বিশ্বব্যাপী উচ্চশিক্ষার প্রেক্ষাপট বিচার করলে, আমাদের দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা মন্ত্রণালয় দেশের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।'