গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের খাবার নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খাদ্য সরবরাহের সময় আনসার সদস্যদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত সংবাদে 'বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ' শিরোনামে একটি খবরকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করা হয়।
আনসার বাহিনী জানায়, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তায় তারা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। খাবার সরবরাহ করতে গিয়ে তাদের সিভিল স্টাফ বিভিন্ন বাধা ও প্রতিকূলতার সম্মুখীন হন।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খাবার বহনকারী ব্যক্তিদের জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেয়। পরে এই ঘটনার ভিডিও ধারণ করে নিজেদের কর্মকাণ্ড হিসেবে প্রচার করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এই ঘটনার উদ্দেশ্যপূর্ণ রাজনৈতিক প্রচার সম্পূর্ণ বিভ্রান্তিকর। বাহিনীটি দাবি করে, প্রতিকূল পরিস্থিতিতে তাদের সদস্যদের জন্য খাবার সরবরাহের বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, যা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
বাহিনীটি সকলকে তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়েছে এবং মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।