চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়।
১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়।
সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (২) ধারার আওতায় তাকে ১৪ নভেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।