সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ফিচার

সুরের মূর্ছনায় মুখরিত ‘রাগ অঞ্জলি ২০২৬’ অনুষ্ঠিত

‘রাগ অঞ্জলি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে, যেখানে ৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সুরের মূর্ছনায় মুখরিত ‘রাগ অঞ্জলি ২০২৬’ অনুষ্ঠিত

শাস্ত্রীয় সঙ্গীতের সুর, তাল ও লয়ের অপূর্ব সমন্বয়ে অনুষ্ঠিত হলো ‘রাগ অঞ্জলি ২০২৬’। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এই মনোজ্ঞ শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানটি নতুন প্রজন্মের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থী ও শিক্ষকদের বেহালা, গিটার ও কণ্ঠসংগীতের একক ও দলীয় পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। নবীন ও অভিজ্ঞ শিল্পীদের পরিবেশনায় শাস্ত্রীয় সংগীতের সৌন্দর্য ও বৈচিত্র্য ফুটে ওঠে।

ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক শ্যামল চক্রবর্ত্তীর রাগ মালকোষ পরিবেশনা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। তার বেহালার সুরে রাগের গভীরতা, মাধুর্য ও নান্দনিকতা শ্রোতাদের মুগ্ধ করে এবং মিলনায়তনে সৃষ্টি হয় এক অনন্য সংগীতময় আবহ।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ৫২ জন বেহালা শিক্ষার্থীর সম্মিলিত বৃন্দবাদন (অর্কেস্ট্রা)। একসঙ্গে ৫২টি বেহালার সুরের অনবদ্য মেলবন্ধন অনুষ্ঠানটিকে ভিন্নমাত্রা যোগ করে। বৃন্দবাদনের শুরুতে পরিবেশিত হয় শাস্ত্রীয় রাগ ভূপালি। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় রবীন্দ্রসংগীত ‘ফুলে ফুলে ঢলে ঢলে’ এবং ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’ গানগুলো পরিবেশিত হয়।

শ্যামল চক্রবর্ত্তীর নির্দেশনায় ৫২ জন শিক্ষার্থীর পরিবেশনা হয়ে ওঠে শৃঙ্খলা, সাধনা ও সুরের এক অনন্য দৃষ্টান্ত। অনুষ্ঠানে তবলা সংগত করেন স্বনামধন্য তবলাশিল্পী সঞ্জীব মজুমদার ও তুষার কান্তি সরকার, যাদের তালসংগত প্রতিটি পরিবেশনাকে আরও প্রাণবন্ত করে তোলে।

‘রাগ অঞ্জলি–২০২৬’ কেবল একটি সংগীতানুষ্ঠান নয়, বরং নতুন প্রজন্মের শিল্পীদের প্রতিভা বিকাশ ও শাস্ত্রীয় সংগীতের প্রসারে একটি প্রশংসনীয় প্রয়াস। বিশেষ করে ৫২ জন শিক্ষার্থীর সম্মিলিত বেহালাবাদন বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতচর্চায় তরুণ প্রজন্মের আগ্রহ ও সম্ভাবনার উজ্জ্বল প্রতিফলন।

ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি অব বাংলাদেশ ও সপ্তক শাস্ত্রীয় সংগীত পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই সংগীতসন্ধ্যা শাস্ত্রীয় সংগীতের সৌন্দর্যকে নতুনভাবে তুলে ধরে দর্শকদের মনে স্মরণীয় অভিজ্ঞতার সৃষ্টি করে।

বিজ্ঞাপন