রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল ওয়াহিদ-উজ-জামান

মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল ওয়াহিদ-উজ-জামান

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান।

সরকার বিটিআরসির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার (১৫ নভেম্বর) এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুসারে ওয়াহিদ-উজ-জামানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাকে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে নিয়োগ দিয়ে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া, তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করা হয়েছে এবং অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর এ নিয়োগ কার্যকর থাকবে এবং নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন