নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় তার পরিবার থানায় মামলা দায়ের করেছে। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে আসামি করে এই মামলা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, এ ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে আলিফকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত আলিফ আইপি টিভি রূপসী বাংলার জেলা প্রতিনিধি ছিলেন এবং 'ডিটেকটিভ আর্টিকেল' নামের একটি ফেইসবুক পেইজও পরিচালনা করতেন। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে, জানান ওসি।
পুলিশের তথ্য অনুযায়ী, তেলুঞ্জিয়া গ্রামে আলিফের শ্বশুরবাড়ি। রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে গিয়েছিলেন। এ সময় দুই অজ্ঞাত যুবক তার ওপর একাধিক গুলি ছোড়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, 'নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে এবং ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। এ হত্যায় জড়িত কাউকেই এখনও গ্রেপ্তার করতে পারিনি।'