কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সৈকতসংলগ্ন ‘টুপটুপ রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে এই দুর্ঘটনায় পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, সকাল ৭টা ২৫ মিনিটে রিসোর্টটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। উখিয়া ফায়ার স্টেশন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসের সদস্যদের আধা ঘণ্টার বেশি সময় লাগে।
সকাল ৮টায় উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস। উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় সকাল ৮টা ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।