কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ শনিবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ফলে রিসোর্টটির প্রায় সম্পূর্ণ অংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বর্তমানে উদ্ধার কার্যক্রম চলছে। ঘটনাস্থল থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।