রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। সোমবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী পুলিশ সুপার মীর মনি হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, যশোরের বেনাপোল পোর্টের গয়রা এলাকার রমজান আলী (৩৪), ট্রাক চালক দিঘীপাড়ার আরমান হোসেন ইউনুস (৩০) এবং চালকের সহকারী কাগমারীর আরিফ হোসেন (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল বিশেষ চেকপোস্ট বসিয়ে দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় গাড়িতে চেকিং শুরু করে। এ সময় ঢাকা থেকে যশোরগামী একটি ঝুট বোঝাই টাটা কার্গো ট্রাককে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় চালকের পেছনে শুয়ে থাকা রমজানের মাথার নিচ থেকে ১৫০টি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মূল মাদক কারবারি, ট্রাকের চালক এবং তার সহকারীকে আটক করা হয়।
পুলিশের তথ্যমতে, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা। এছাড়া, মাদক বহনকারী ট্রাকসহ তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।