সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার ওপর বিধিনিষেধের কারণে ঢাকা থেকে রিয়াদসহ বিভিন্ন রুটে ৫১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এ ঘটনায় ৫ হাজার ৪১৮ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সোমবার (১২ অক্টোবর) বিকেলে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। গত শনিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত এসব ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, ৫১টি ফ্লাইটের মধ্যে সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ফ্লাইট ১২টি। বাকি ৩৯টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।
ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ১৬টি, সালাম এয়ারের ৩টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি এবং ফ্লাইদুবাইয়ের ৫টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।