সেন্টমার্টিন দ্বীপে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটকদের নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থাপনা বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
মন্ত্রী সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম।
মন্ত্রী আরও বলেন, ‘সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য অক্ষুণ্ন রেখে পর্যটন কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। দ্বীপের ধারণক্ষমতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সুপেয় পানির প্রাপ্যতা বিবেচনায় নেওয়া হবে।’
পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাধ্যমে ট্রাভেল পাস ও কিউআর কোডসংবলিত টিকিট ক্রয়ের ওপর গুরুত্ব দেন। তিনি দ্বীপে নিষিদ্ধ পলিথিন বহন বন্ধ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন নিরুৎসাহিত করার আহ্বান জানান।
সভায় ২০২৬–২০২৭ পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে পর্যটক গমন ও অবস্থান নিয়ন্ত্রণ, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পর্যটকদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। পর্যটকদের সংখ্যা গড়ে প্রতিদিন দুই হাজারের বেশি হবে না এবং ফেব্রুয়ারি মাসে পর্যটক যাতায়াত বন্ধ থাকবে।
সভায় সামুদ্রিক কাছিম, পাখি ও প্রবালের সুরক্ষায় বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো বলবৎ থাকবে বলে জানানো হয়। রাতের বেলায় সমুদ্রসৈকত ও সংলগ্ন এলাকায় আলো জ্বালানো, শব্দ সৃষ্টি এবং মোটরসাইকেল চালানো নিষিদ্ধ রয়েছে।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ ও নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় প্রশাসন ও পর্যটন ব্যবসায়ীরা অনলাইনে সভায় অংশ নেন।