গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মিম আক্তার (৩) ও আফরিন আক্তার। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিম আক্তার ফরহাদ আলীর মেয়ে এবং আফরিন আক্তার টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মামার বাড়িতে বেড়াতে আসা কবির মণ্ডলের মেয়ে। দুই শিশু বাড়ির পাশে একসঙ্গে খেলছিল।
একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. জহুরুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।