দুবাইভিত্তিক এয়ারলাইনস ফ্লাইদুবাই বুধবার (৩০ সেপ্টেম্বর) ফ্লাইটের ককপিটে হাতাহাতির ঘটনার পর ইসরায়েলগামী এবং ইসরায়েল থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে।
এয়ারলাইনসটি জানিয়েছে, কর্তৃপক্ষের তদন্ত চলাকালে এই স্থগিতাদেশ বহাল থাকবে। ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল।
ফ্লাইদুবাই জানায়, ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ইসরায়েলের সঙ্গে সব ফ্লাইট বন্ধ করা হয়েছে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তা তাদের প্রধান অগ্রাধিকার।
তারা আরও জানায়, সরকারি কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক সংস্থা ও বিমানবন্দর সংশ্লিষ্টদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করা হচ্ছে। তদন্তের নতুন তথ্য পাওয়া গেলে ফ্লাইট স্থগিতের বিষয়টি পর্যালোচনা করা হবে।
ফ্লাইদুবাই প্রতিষ্ঠানটি চলমান তদন্তে পূর্ণ সহযোগিতার পাশাপাশি নিজেদের নেটওয়ার্কে সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। ফ্লাইট বাতিলের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের প্রতি দুঃখ প্রকাশ করে তারা জানায়, সম্ভব হলে তাদের সহায়তা ও বিকল্প ভ্রমণ ব্যবস্থা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।