ইউরোপজুড়ে ভুয়া বোমা হামলার হুমকির কারণে বিমান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে অন্তত ২৫টি বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এই হুমকির ফলে আয়ারল্যান্ড, ডেনমার্ক, স্পেন, ইতালি, পোল্যান্ড, বুলগেরিয়া সহ বিভিন্ন দেশের ফ্লাইট ঝুঁকির মুখে পড়ে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হুমকির কারণে কিছু ফ্লাইটের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে এবং জরুরি অবতরণসহ যুদ্ধবিমান দ্বারা পাহারা দেওয়ার ঘটনাও ঘটেছে। স্পেনের মাদ্রিদ থেকে প্যারিসগামী এয়ার ইউরোপার দুটি এবং রোম ও মিলান থেকে আসা আইবেরিয়ার চারটি ফ্লাইটে এই হুমকি আসে।
এছাড়া, বুলগেরিয়ার আকাশসীমায় তিনটি বিমানকে যুদ্ধবিমান দ্বারা এসকর্ট করে অবতরণ করানো হয়। ডেনমার্কের কোপেনহেগেন বিমানবন্দরে দুটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
এ সপ্তাহে এটি দ্বিতীয়বারের মতো ইউরোপজুড়ে এমন হুমকি এসেছে। এর আগে, গত মঙ্গলবার অন্তত সাতটি ফ্লাইট ও একটি প্রমোদতরিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল, যার মধ্যে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।