বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দারিদ্র্য থেকে মুক্তি পেল ২ লাখ ১৫ হাজার পরিবার

২ লাখ ১৫ হাজার পরিবার চরম দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায়।

দারিদ্র্য থেকে মুক্তি পেল ২ লাখ ১৫ হাজার পরিবার

দক্ষিণ ও উত্তরাঞ্চল, নদীভাঙন এলাকা এবং উপকূলীয় অঞ্চলের প্রায় ২ লাখ ১৫ হাজার পরিবারের ৮ লাখ ৬০ হাজার মানুষ চরম দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। এই উদ্যোগটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) বাস্তবায়ন করেছে।

আজ মঙ্গলবার রাজধানীতে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে পিকেএসএফ জানায়, নগদ সহায়তা ছাড়াও দক্ষতা ও অর্থায়নের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে। বন্যাপ্রবণ এলাকা, নদী ভাঙন, ঘূর্ণিঝড় এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত এলাকায় কর্মসংস্থানের অভাবে মানুষ চরম দারিদ্র্যে পড়েছিল।

ইউরোপীয় ইউনিয়ন ও পিকেএসএফ একত্রে ৪ বছরের কর্মসূচির মাধ্যমে এসব মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে। প্রকল্পের আওতায় ১ লাখ ২৯ হাজার পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং ৩ লাখ ৭ হাজার নারী ও শিশুকে পুষ্টি সহায়তার আওতায় আনা হয়েছে।

পিকেএসএফ-এর চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, 'জনগণের আর্থিক চাহিদা বাড়ানোর জন্য এই অবকাঠামো গড়ে তোলা হয়েছে। এটি ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ।'

ইইউ'র প্রতিনিধি মাইকেল ক্রেজা বলেন, 'এই প্রকল্পের অভিজ্ঞতাকে সরকারি বিনিয়োগের ক্ষেত্রে কাজে লাগাতে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।' তিনি আশা প্রকাশ করেন যে, প্রকল্পের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে এবং অতিদরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক সক্ষমতা ধরে রাখতে সহায়তা করবে।

বিজ্ঞাপন