যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছিলেন। চীনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড পারডিউ ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান।
পারডিউ বলেন, গত সপ্তাহে শি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে গেলে বিষয়টি আলোচনা হয়। ট্রাম্প বারবার উল্লেখ করেছেন, ‘আমরা সারা বিশ্বের অন্যদের কাছে অস্ত্র বিক্রি করি।’ এক পর্যায়ে তিনি শিকে জিজ্ঞেস করেন, তিনি কি কিছু অস্ত্র কিনতে চান।
রাষ্ট্রদূত আরও জানান, ট্রাম্প ও শি যখনই একসঙ্গে বসেন, তারা অস্ত্র বিক্রির বিষয়ে আলোচনা করেন। তবে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
চীন গত জুনে তাইওয়ানকে সতর্ক করে বলেছিল, যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে স্বাধীনতা অর্জনের চেষ্টা মৃত্যুর দিকে নিয়ে যাবে। গত ডিসেম্বরে ওয়াশিংটন তাইওয়ানের জন্য ১১.১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেয়।
পারডিউ উল্লেখ করেন, ১৯৭৯ সালের পর ট্রাম্প প্রশাসন অন্যান্য মার্কিন প্রেসিডেন্টের তুলনায় তাইওয়ানের কাছে বেশি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। শি জিনপিং ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে বিচক্ষণতা দেখানোর আহ্বান জানান এবং যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করার কথা বলেন।