যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। সোমবার তিনি বলেন, হুয়াং ‘ভীষণ মানসিক কষ্টে’ রয়েছেন।
ট্রাম্প হুয়াংয়ের সঙ্গে সম্পর্কিত গুপ্তচর প্রেমিকার বিষয়ে মার্কিন গোয়েন্দাদের কাছ থেকে তিনি কখন জানতে পেরেছেন, সে প্রশ্ন এড়িয়ে যান। তিনি বলেন, ‘আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, ওই নারী যে গুপ্তচর, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল কি না।’
হুয়াং ট্রাম্পকে জানান, ‘আমি জানতামই না যে তিনি গুপ্তচর। আমি তাকে সত্যিই বিশ্বাস করি।’ ট্রাম্প বলেন, ‘আমি আশা করি, কোনো সমস্যা হবে না। আমার বিশ্বাস, তিনি ভীষণ কষ্টে আছেন।’
রোববার এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো বার্তায় হুয়াং বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন এবং তার পরিবার ও কর্মীদের কাছে ক্ষমা চান।
ট্রাম্প জানান, গত মে মাসে হুয়াং তার সঙ্গে চীন সফরে যাওয়ার সময় এসব অভিযোগের বিষয়ে তিনি কিছুই জানতেন না। তিনি বলেন, ‘না, তখন আমি এ বিষয়ে কিছু শুনিনি। তবে অনেকেই এ বিষয়ে শুনেছেন।’
হুয়াং চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের রাষ্ট্রীয় সফরসহ হোয়াইট হাউসের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তবে এ বিষয়ে তাকে ঠিক কখন জানানো হয়েছিল, তা স্পষ্ট করেননি ট্রাম্প।
এদিকে, হুয়াংয়ের বিরুদ্ধে কোনো তদন্ত চলছে কি না, তা জানতে এএফপি’র পক্ষ থেকে এফবিআইয়ের কাছে জানতে চাওয়া হলে তারা মন্তব্য করতে রাজি হয়নি।