বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

এনভিডিয়ার চিপে চীনা জায়ান্টদের ৩৫ বিলিয়ন ডলারের অর্ডার

এনভিডিয়ার নতুন গ্রাফিক্স কার্ডের জন্য ৩৫ বিলিয়ন ডলারের অর্ডার দিয়েছে চীনা প্রযুক্তি জায়ান্টরা।

এনভিডিয়ার চিপে চীনা জায়ান্টদের ৩৫ বিলিয়ন ডলারের অর্ডার

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে এনভিডিয়ার নতুন গ্রাফিক্স কার্ডের জন্য বড় অর্ডার দিয়েছে চীনের প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স, আলিবাবা ও টেনসেন্ট। মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, প্রতিষ্ঠান তিনটি এনভিডিয়ার নতুন আরটিএক্স প্রো-৫৫০০ ওয়ার্কস্টেশন গ্রাফিক্স কার্ডের ৩০ লাখের বেশি ইউনিটের অর্ডার দিয়েছে।

এই চিপগুলোর সম্মিলিত মূল্য ৩৫ বিলিয়ন ডলারেরও বেশি। যদিও চীনে রপ্তানির জন্য যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিয়ন্ত্রণ মেনে চলা এই চিপটি তুলনামূলক কম শক্তিশালী, এটি বর্তমানে চীনা ক্রেতাদের জন্য এনভিডিয়ার সবচেয়ে শক্তিশালী উপলব্ধ চিপগুলোর একটি।

রয়টার্স জানায়, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর চাহিদা এনভিডিয়ার পরিকল্পিত উৎপাদন সক্ষমতার চেয়ে অনেক বেশি। ফলে অর্ডারের পুরো পরিমাণ সরবরাহ করা সম্ভব হবে কি না, তা নিয়ে গ্রাহকদের নিশ্চয়তা দিতে পারছে না কোম্পানিটি। এনভিডিয়া অংশীদারদের জানিয়েছে, কেউ কেউ চাহিদার মাত্র ৫ থেকে ১০ শতাংশ চিপ পেতে পারেন।

২০২৭ সালে বিশ্বজুড়ে সর্বোচ্চ প্রায় ৩০ লাখ আরটিএক্স প্রো-৫৫০০ কার্ড উৎপাদন করা সম্ভব হতে পারে। তবে শুধুমাত্র চীনা গ্রাহকদের অর্ডারই ৬০ লাখ ইউনিট ছাড়িয়েছে। প্রতিটি কার্ডের দাম প্রায় ১১ হাজার ৪০০ ডলার।

আরটিএক্স প্রো-৫৫০০ মূলত শক্তিশালী পেশাদার কম্পিউটারের জন্য তৈরি ওয়ার্কস্টেশন চিপ। চীনা প্রতিষ্ঠানগুলো এসব কার্ড মূলত এআই ইনফারেন্সে ব্যবহার করতে চায়। যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণের কারণে এনভিডিয়ার আরও শক্তিশালী বি-৩০০ চীনে বিক্রি করা নিষিদ্ধ।

চীনা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে দেশীয় চিপ নির্মাতাদের দিকে ঝুঁকছে, তবে মার্কিন শীর্ষস্থানীয় প্রযুক্তির সঙ্গে পুরোপুরি পাল্লা দিতে পারছে না। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে চীনের এআই ডেটা সেন্টার চিপের বাজারে এনভিডিয়ার অংশীদারত্ব প্রায় একচেটিয়া অবস্থান থেকে কার্যত শূন্যে নেমেছে।

এদিকে, এনভিডিয়া জানিয়েছে, ২০২৭ সাল থেকে বড় ডেটা সেন্টারের জন্য তাদের পরবর্তী প্রজন্মের ‘রুবিন’ প্ল্যাটফর্ম উৎপাদনে বেশি সক্ষমতা বরাদ্দ হতে পারে। এতে আরটিএক্স প্রো-৫৫০০ এর সরবরাহ আরও সীমিত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিক নমুনা ডিসেম্বর থেকে এবং বাণিজ্যিক সরবরাহ ২০২৭ সালের প্রথম প্রান্তিক থেকে শুরু হতে পারে বলে জানা গেছে।

বিজ্ঞাপন