জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সচিব বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন এবং নিউইয়র্কে তাঁর কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর দেশে ফিরবেন। এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ বিশেষ গুরুত্ব বহন করে। এটি বর্তমান সরকারের জন্য জাতিসংঘের সর্বোচ্চ মঞ্চে প্রথম অংশগ্রহণ।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এছাড়া, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন, যা দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের নতুন সুযোগ সৃষ্টি করবে।
আসাদ আলম সিয়াম আরও বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে এই অধিবেশনের তাৎপর্য অনেক। বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত, মানবিক সংকট এবং জলবায়ু পরিবর্তনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তা রয়েছে।
প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর পর ২২ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করবেন। তিনি জাতিসংঘ মহাসচিবের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য দেওয়া স্বাগত প্রাতঃরাশে যোগ দেবেন এবং অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বক্তব্য দেবেন।
এছাড়া, প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট বিষয়ক সাইড ইভেন্টে বক্তব্য রাখবেন এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ক আরেকটি সাইড ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রী কুয়েতের ক্রাউন প্রিন্স, ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।