সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কিশোরের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কিশোর শাকিলের মরদেহ উদ্ধার, তদন্ত চলছে।

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কিশোরের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

নিহত শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে এবং তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার পরিবার জানায়, শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। একদিন পর শনিবার রাতে বিজিবি শাকিলের মরদেহ উদ্ধার করে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি ও বিএসএফ এবং দুই দেশের পুলিশের আলোচনার মাধ্যমে মরদেহ ময়নাতদন্তের জন্য ভারত পুলিশ নিয়ে যায়।

ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হবে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ভারতীয় পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

তবে কীভাবে শাকিল সীমান্তের শূন্যরেখায় গেল এবং তার মৃত্যু কীভাবে হয়েছে, সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের এই কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন