চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে একটি নৌকাডুবির ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক শিশুসহ ১১ জনকে উদ্ধার করেছে। আজ শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার বাখর আলী থেকে জোহুরপুর বকরি পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই সময় স্রোতের চাপে ধানবোঝাই নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বকরিপাড়া গ্রামের মতির পরিবারের ১১ জন সদস্য ছিল।
নৌকাটি ডুবার পর কাছাকাছি টহলরত বিএসএফ সদস্যরা দ্রুত স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং সবাইকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া ১১ জন বর্তমানে বিএসএফের হেফাজতে রয়েছে।
সূত্র জানায়, উদ্ধারকৃতদের পরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হবে।