রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

লালবাগে আইনজীবী মুহাম্মদ আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার

লালবাগে আইনজীবী মুহাম্মদ আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার, স্ট্রোকের কারণে মৃত্যু হতে পারে বলে ধারণা।

লালবাগে আইনজীবী মুহাম্মদ আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার

রাজধানীর লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির দ্বিতীয় তলার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, আনোয়ার হোসেন স্ট্রোক করে মারা গেছেন। পাশের কক্ষের এক ভাড়াটিয়া তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত কার্যক্রম শুরু করে। সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

মুহাম্মদ আনোয়ার হোসেন জজ কোর্টের আইনজীবী ছিলেন এবং ঢাকা বার অ্যাসোসিয়েশন অ্যানেক্স বিল্ডিংয়ের প্রথম তলার ২১৪ নম্বর কক্ষে তার চেম্বার রয়েছে। তিনি ওই বাসায় একাই থাকতেন, তার পরিবার গ্রামে অবস্থান করছে বলে জানা গেছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে এবং মরদেহটি দুই থেকে তিন দিন আগের। তার ড্রাইভিং লাইসেন্স পুলিশের কাছে রয়েছে। সেটি যাচাই করে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।'

তিনি আরও জানান, 'পুলিশের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।'

বিজ্ঞাপন