রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ খলিলের স্টেট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা

অস্ট্রেলিয়ার এনএসডব্লিউ স্টেট নির্বাচনে মাসুদ খলিলের স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা।

বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ খলিলের স্টেট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) স্টেট পার্লামেন্ট নির্বাচনে ক্যাম্পবেলটাউন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয় রাজনীতিবিদ ও ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ খলিল। তিনি গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় পশ্চিম সিডনির মিন্টোস্থ রন মুর কমিউনিটি সেন্টারে একটি অনুষ্ঠানে তাঁর প্রার্থিতার ঘোষণা দেন এবং স্থানীয় ভোটারদের সহযোগিতা কামনা করেন।

২০২৭ সালের মার্চে নিউ সাউথ ওয়েলসে পরবর্তী স্টেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাসুদ খলিল বলেন, অস্ট্রেলিয়ার রাজনীতি দীর্ঘদিন ধরে প্রধান দুটি বড় রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ। এসব দল জনগণের ভোটকে স্বাভাবিক প্রাপ্তি হিসেবে বিবেচনা করতে শুরু করেছে, ফলে জনগণের প্রয়োজনীয় সেবা ও প্রত্যাশার প্রতি যথাযথ মনোযোগ কমে গেছে।

তিনি আরও বলেন, একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলে জনগণের প্রতিনিধিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চান। স্থানীয় রাজনৈতিক সংগঠন কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়া (সিভিএ)-এর প্রতিনিধি হিসেবে তিনি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার এবং তৃণমূল পর্যায়ে জনগণের জন্য কার্যকর সরকারি সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

মাসুদ খলিল ক্যাম্পবেলটাউন এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয়। তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে একটি সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার নজির স্থাপন করেছেন, যা অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটিতে বিশেষভাবে আলোচিত হয়েছে।

স্থানীয় সরকার পর্যায়ে নাগরিক সুবিধা, অবকাঠামো ও অধিকার নিয়ে কাজ করার মাধ্যমে তিনি একজন সক্রিয় ও জনসম্পৃক্ত রাজনীতিবিদ হিসেবে পরিচিতি লাভ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মাসুদ খলিলের দীর্ঘদিনের স্থানীয় সরকার পর্যায়ের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং স্টেট পার্লামেন্ট নির্বাচনে তাঁর নতুন রাজনৈতিক যাত্রার জন্য শুভকামনা জানান।

অস্ট্রেলিয়ার তিন স্তরের সরকার ব্যবস্থায় স্টেট সরকার স্বাস্থ্য, শিক্ষা, আইনশৃঙ্খলা, পরিবহনসহ জনগণের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ সেবার দায়িত্ব পালন করে। স্থানীয় সরকার পর্যায়ে দীর্ঘদিন কাজ করার পর মাসুদ খলিলের স্টেট পর্যায়ের আইনসভায় প্রবেশের লক্ষ্যে এই যাত্রা শুরু হলো।

বিজ্ঞাপন