দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন। তিনি মঙ্গলবার রাত ১০টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার মোস্তফাবাদ এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯৫ বছর।
সতীশ চন্দ্র রায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে অরবিন্দু রায়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আজ বুধবার দুপুর ১২টায় বিরল উপজেলার মোস্তফাবাদ গ্রামের পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
সতীশ চন্দ্র রায় ১৯৪১ সালের ৩০ নভেম্বর দিনাজপুরের বিরল উপজেলার মোস্তফাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। কর্মজীবনের শুরুতে শিক্ষকতা করলেও পরে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হয়ে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯ সালে দিনাজপুর-৭ আসন থেকে এবং পরবর্তীতে ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে দিনাজপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সতীশ চন্দ্র রায় স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।