যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া সম্প্রচারমাধ্যম ইএসপিএনের সহ-প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন ৯৩ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ফ্লোরিডার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। ইএসপিএন জানায়, পারকিনসন রোগের জটিলতায় তার মৃত্যু ঘটেছে।
রাসমুসেন ২০১৪ সালে পারকিনসন রোগে আক্রান্ত হন এবং ২০১৯ সালে তিনি বিষয়টি প্রকাশ্যে জানান। দীর্ঘদিন ধরে এই রোগের সঙ্গে লড়াই করে আসছিলেন তিনি। ইএসপিএনের চেয়ারম্যান জিমি পিতারো এক বিবৃতিতে বলেন, "বিল ছিলেন একজন অসাধারণ মানুষ; দূরদর্শী ও উদ্ভাবক।"
১৯৭৯ সালে, রাসমুসেন তার ছেলে স্কট রাসমুসেনকে সঙ্গে নিয়ে সার্বক্ষণিক খেলাধুলা সম্প্রচারের একটি টেলিভিশন নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করেন। সে সময় যুক্তরাষ্ট্রে এমন কোনো স্পোর্টস চ্যানেল ছিল না। তাদের ধারণা দেশের মানুষকে টেলিভিশনে খেলাধুলা দেখার অভ্যাস বদলে দেয়।
ইএসপিএনের যাত্রা শুরু হয়েছিল ছোট পরিসরে, কানেকটিকাটের ক্রীড়া আয়োজন সম্প্রচারের পরিকল্পনা নিয়ে। তবে রাজ্যটির অনেক ক্যাবল অপারেটর এতে আগ্রহ দেখাননি। পরে স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের পরিধি বাড়ানোর পরামর্শ আসে। ১৯৭৯ সালের ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ইএসপিএন যাত্রা শুরু করে।
রাসমুসেনের নেতৃত্বে ইএসপিএন গড়ে তোলার জন্য গেটি অয়েলের কাছ থেকে অর্থায়ন এবং এনসিএএর সঙ্গে সম্প্রচার স্বত্বের চুক্তি করা হয়। কানেকটিকাটের ব্রিস্টলে একটি স্টুডিও নির্মাণের কাজও শুরু হয়।
১৯৮০ সালে রাসমুসেন ও তার ছেলেকে ইএসপিএনের নেতৃত্ব থেকে বের করে দেওয়া হয়। পরে গেটি অধিগ্রহণ করা টেক্সাকো ১৯৮৪ সালে ইএসপিএনে তাদের অংশীদারিত্ব এবিসির কাছে বিক্রি করে দেয়।
১৯৯৯ সালে ইএসপিএনের ২০ বছর পূর্তি উপলক্ষে রাসমুসেনকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। এরপর ধীরে ধীরে তার অবদান ও দূরদর্শিতার স্বীকৃতি দিতে শুরু করে ইএসপিএন। ২০১৯ সালে ইএসপিএনের ৪০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে সফর করেন রাসমুসেন।
বিল রাসমুসেন শিকাগোতে জন্মগ্রহণ করেন এবং ডিপাও ইউনিভার্সিটি ও রাটগার্স ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬০-এর দশকে বিজ্ঞাপন, রেডিও ও টেলিভিশনে কাজ করেন এবং কানেকটিকাটের হার্টফোর্ডে ওয়ার্ল্ড হকি অ্যাসোসিয়েশনের নিউ ইংল্যান্ড হোয়েলার্স দলের জনসংযোগ পরিচালক হিসেবে যোগ দেন।