হাঙ্গেরির পূর্বাঞ্চলে একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। এই ঘটনা রোববার (১৬ আগস্ট) মেজোকেরেসতেস শহরের কাছে এম৩ মহাসড়কে ঘটে।
বাসটি পোলিশ পর্যটকদের নিয়ে সার্বিয়া থেকে পোল্যান্ডের দিকে যাচ্ছিল, যাত্রীর সংখ্যা ছিল ৫৭ এবং চালক দুইজন। পুলিশ জানায়, বাসটি নীরেৎহাজা অভিমুখে যাওয়ার সময় সড়ক থেকে পাশের খাদে পড়ে উল্টে যায়।
ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে আরও একজন মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে।
এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। ২০০৩ সালের পর হাঙ্গেরিতে এটি সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, ওই বছর শিওফকে একটি ট্রেন জার্মান পর্যটকবাহী বাসে ধাক্কা দিলে ৩৩ জন নিহত হন।