সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার সারাদেশে বিএনপির দলীয় কার্যালয়ে অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় এই আয়োজন বেলা ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের এই কর্মসূচি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের আহ্বান জানানো হয়েছে।
১৯৪৬ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। তিনি তিনবার বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত বিএনপির চেয়ারপারসন ছিলেন।
গত বছরের ৩০ ডিসেম্বর খালেদা জিয়া মারা যান। বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তার বড় ছেলে তারেক রহমান, যিনি এয়োদশ সংসদ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।