৭ সহকারী পুলিশ কমিশনার (এএসপি) ও ৪৯ পুলিশ পরিদর্শককে (ইন্সপেক্টর) চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮–এর ৪৫ ধারা অনুসারে জনস্বার্থে ৭ সহকারী পুলিশ কমিশনারকে অবসরে পাঠানো হয়েছে। অপর প্রজ্ঞাপনে ৪৯ পুলিশ পরিদর্শককে চাকরি থেকে অবসর দেওয়ার কথা জানানো হয়েছে।
এছাড়া, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, তারা বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।
এর আগে, ২৩ জুলাই পুলিশের ডিআইজি পদমর্যাদার ৩ জনসহ ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ৩ জন ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং ২ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।