শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আসাম-অরুণাচল সীমান্তে সংঘর্ষ, পরিস্থিতি উত্তপ্ত

আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্তে সংঘর্ষ, পরিস্থিতি উত্তপ্ত। মুখ্যমন্ত্রীরা শান্তির আহ্বান জানিয়েছেন।

আসাম-অরুণাচল সীমান্তে সংঘর্ষ, পরিস্থিতি উত্তপ্ত

ভারতের আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্তে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অরুণাচল প্রদেশের পুলিশ শূন্যে গুলি চালিয়েছে বলে জানা গেছে।

গত সোমবার থেকে দুই রাজ্যের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। আসামের ধেমাজি জেলার সীমান্তে সংঘর্ষের এই ঘটনা ঘটে। আসামে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে অনির্দিষ্টকালের অর্থনৈতিক অবরোধ দ্বিতীয় দিনেও চলছে।

আসামের মিসিং সম্প্রদায়ের শীর্ষ ছাত্র সংগঠন 'টাকাম মিসিং পোরিন কেবাং' এবং অন্যান্য স্থানীয় গোষ্ঠী বুধবার থেকে এই অবরোধ শুরু করে।

ঘটনার পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুই রাজ্যের জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আসাম ও অরুণাচল প্রদেশের সম্পর্ক সীমানার ঊর্ধ্বে।’

হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, ‘যুগ যুগ ধরে এখানকার মানুষ ভালোবাসা, স্নেহ ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। আমি জনগণকে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি।’

এর আগে, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর কাছে এই ঘটনার তদন্তের আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার হিমন্ত বিশ্ব শর্মার বার্তার পর পেমা খান্ডু সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আমি আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মার ইতিবাচক বিবৃতিকে আন্তরিকভাবে স্বাগত জানাই।’

অতীতে সীমান্ত বিরোধ নিয়ে দুই রাজ্যের মধ্যে উত্তেজনা দেখা গিয়েছে। সাম্প্রতিক সংঘর্ষ ও অর্থনৈতিক অবরোধ সীমান্ত এলাকায় উত্তেজনা আবারও বাড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন