২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের দুইটি মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনটি মনোনয়নপত্র জমা পড়ে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এটা তো আমাদের বিষয় না। আমরা বাছাই করব। প্রথমটা যদি বাতিল হয়, তখন দ্বিতীয়টা বাছাই করব।’
১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বৃহস্পতিবার সকালে অলি আহমেদের পক্ষে প্রথম মনোনয়নপত্র জমা দেন। এতে প্রস্তাবক ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান। সমর্থক ছিলেন এনসিপির আবদুল্লাহ আল আমিন।
দুপুরে অলি আহমদের পক্ষে আরও একটি মনোনয়নপত্র জমা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। এ সময় তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য কামাল হোসেন। দ্বিতীয় মনোনয়নপত্রে প্রস্তাবক ছিলেন এনসিপির মাহমুদা মিতু এবং সমর্থক ছিলেন জামায়াতের আবদুল বাতেন।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার পর আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোট হবে ২০ আগস্ট।
এবার একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটাভুটির প্রয়োজন হবে। সংসদ সদস্যরা জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই ভোটাভুটিতে অংশ নেবেন। বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল।