প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ঢাকা ইতিবাচক অবস্থান গ্রহণ করেছে, এমনটি জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভারতের সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর, তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রকাশ করেন। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, ভারতের উচিত এ সুযোগের সৎব্যবহার করা। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দুই দেশের অনেক সমস্যার সমাধান সম্ভব।
শামা ওবায়েদ বলেন, ভারত ছাড়াও জাপান বা অন্য দেশের সফরের সময় এখনও চূড়ান্ত হয়নি, যা সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।
এসময় সিঙ্গাপুরে জনশক্তি রফতানির বিষয়ে তিনি জানান, দেশটিতে জনশক্তি রফতানি নিয়ে সরকারি পর্যায়ে সফল বৈঠক হয়েছে। রফতানি বৃদ্ধি করতেও কার্যকর আলোচনা সম্পন্ন হয়েছে।