বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে যে, ১ নভেম্বর থেকে সর্বজনীন বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন কার্যক্রম শুরু হবে। এই উদ্যোগের মাধ্যমে ডিজিটাল লেনদেনের প্রক্রিয়া আরও সহজতর হবে।
এতদিন বাংলা কিউআর কোড শুধুমাত্র দোকানে কেনাকাটা এবং বিভিন্ন সেবার বিল পরিশোধের জন্য ব্যবহৃত হতো। তবে, নতুন ব্যবস্থায় একজন ব্যক্তি সরাসরি অন্য ব্যক্তির ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।
ব্যাংক বা এমএফএস অ্যাপের পার্সোনাল বাংলা কিউআর স্ক্যান করে অর্থ পাঠানো যাবে। নতুন ব্যবস্থায় টাকা পাঠাতে আর দীর্ঘ ব্যাংক হিসাব নম্বর, রাউটিং নম্বর কিংবা মোবাইল নম্বর লিখতে হবে না।