ইউটিউব নতুন নির্মাতাদের জন্য আয় করার শর্ত কঠোর করেছে। প্ল্যাটফর্মটি ঘোষণা করেছে, এখন থেকে নির্মাতাদের ১২ মাসে কমপক্ষে ৮ হাজার ঘণ্টা বৈধ ওয়াচ টাইম পূরণ করতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, বিকল্প হিসেবে ৯০ দিনে ২ কোটি বৈধ শর্টস ভিউয়ের শর্তও রাখা হয়েছে। এর আগে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য ১ হাজার সাবস্ক্রাইবার এবং ১২ মাসে ৪ হাজার ঘণ্টা ওয়াচ টাইম প্রয়োজন ছিল।
ইউটিউব জানিয়েছে, নতুন নিয়ম আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তবে যারা ইতোমধ্যে পার্টনার প্রোগ্রামের আওতায় রয়েছেন, তাদের জন্য এই পরিবর্তন প্রযোজ্য হবে না।
শর্টস ভিডিও থেকে আয় চালু রাখতে নতুন শর্তও নির্ধারণ করা হয়েছে, যেখানে নির্মাতাদের প্রতি ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ ধরে রাখতে হবে।
বিশ্লেষকদের মতে, নতুন এই শর্তের ফলে ইউটিউবে নতুন নির্মাতাদের জন্য প্রতিযোগিতা আরও বৃদ্ধি পাবে। আয় শুরু করা এবং নিয়মিত দর্শক ধরে রাখা উভয়ই কঠিন হয়ে উঠবে।
ইউটিউবের পাশাপাশি অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমও নির্মাতাদের আয়ের নীতিতে পরিবর্তন আনছে। সম্প্রতি ইলন মাস্কের মালিকানাধীন এক্স মৌলিক কনটেন্টের জন্য অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে।