প্রকল্প বাস্তবায়নের ধীরগতি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, বিগত সরকারের উন্নয়ন ব্যবস্থার কারণে অর্থনীতির পুনরুদ্ধার ও পুনর্গঠনে এই ধীরগতি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
৭ আগস্ট রাজবাড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও সদর উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিতুমীর উল্লেখ করেন, 'বার্ষিক উন্নয়ন কর্মসূচি' বাস্তবায়নের নিম্নহার দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।
তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর ভেঙে পড়ার কারণে প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও মূল্যায়নে বড় বাধা তৈরি হয়েছে। এসব সমস্যা কাটিয়ে উঠতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করছে। ইতোমধ্যে ঢাকায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভাগীয় প্রধানদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্পগুলোর বাস্তবায়ন হার শতভাগের কাছাকাছি নিয়ে আসার জন্য কেন্দ্রীয় পর্যায় থেকে নির্দেশনা ও কাঠামোগত সংস্কার প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। সরকার ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে গতি বাড়ানোর জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে।
স্থানীয় সংসদ সদস্যদের জনগণের চাহিদা অনুযায়ী দ্রুত প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয় ঘটিয়ে জনগণের অধিকার ও প্রয়োজনীয়তার প্রতি অগ্রাধিকার দেওয়া হবে।