স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "গণমাধ্যম যদি শক্ত থাকে, গণতন্ত্র টেকসই হবে।" শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত 'টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, "টেকসই গণতন্ত্রের জন্য পাশ্চাত্যের দেশগুলোতে হাজার বছর লেগেছে। কিন্তু আমরা অস্থির। আমরা সবাই চাই চমৎকার একটি গণমাধ্যম থাকবে, আলোচনা-সমালোচনা সবই হবে।" তিনি আরও জানান, টকশোতে আলোচনা শুনলে মনে হয়, সরকার চরম ব্যর্থ, দেশ ধ্বংস হয়ে গেছে।
তিনি বলেন, "সরকার তো বর্তমানে চাপ দেয় না; তাহলে নিজেরা কেনো সেন্সরশীপ করেন?" সত্য লিখলে, আয়নাঘরে নেয়া হবে না বলেও উল্লেখ করেন।
মির্জা ফখরুল বলেন, "গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো ভিন্নমতকে সম্মান করা।" তিনি রাজনৈতিক অসহিষ্ণুতা বাড়লে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন।
সেমিনারে উপস্থিত তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংবাদিকদের করপোরেট ব্যবসার স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান।
যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম বলেন, "সাংবাদিক বলে সবকিছু মাফ এমন মনে করার কোন সুযোগ নেই।" বক্তারা সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখতে গুরুত্ব দেন এবং স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা হলে অনেক সংকট কেটে যাবে বলেও উল্লেখ করেন।