মৌলিক অধিকার, নাগরিক স্বাধীনতা ও নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
সোমবার (৩১ আগস্ট) সকালে প্ল্যান ইন্টারন্যাশনাল ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত 'ডিজিটাল গণতন্ত্রের জন্য মত প্রকাশের স্বাধীনতা' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন জানান, ২০২৪ সালের জুলাইয়ের অভিজ্ঞতা দেশের জন্য নতুন বাস্তবতার সূচনা করেছে। তিনি মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার, নাগরিক সমাজ ও বেসরকারি অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সেমিনারে বক্তারা শঙ্কা প্রকাশ করেন যে, গণমাধ্যমের মালিকানা যদি কয়েকটি প্রভাবশালী গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে পড়ে, তবে স্বাধীন সাংবাদিকতা ও মানুষের তথ্য পাওয়ার অধিকার দুটোই চরম ঝুঁকিতে পড়বে।
গবেষণায় উঠে আসে যে, ২০২৪-২৫ সালে ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন, হামলা হয়েছে ২৭৪টি। এছাড়া, চাকরি হারিয়েছেন প্রায় দেড়শ' জন সাংবাদিক।