অন্তর্বর্তী সরকারের গুম প্রতিরোধ অধ্যাদেশ কার্যকরের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ও গুম প্রতিরোধ জাতীয় কমিটি। রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে এই স্মারকলিপি প্রদান করা হয়।
জোট নেতারা জানান, গুম আইনের যে খসড়া প্রস্তুত করা হয়েছে, তাতে গুম প্রতিরোধ সম্ভব হবে না। তারা বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের সব গুম ও খুনের বিচারের দাবি জানান।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করে গুম প্রতিরোধ জাতীয় কমিটি। এতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের পাশাপাশি অন্যান্য দলের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। পদযাত্রাটি রাজধানীর বাংলামোটর থেকে শুরু হয়ে জাতীয় সংসদের সামনে গিয়ে শেষ হয়।
পদযাত্রার পর সংক্ষিপ্ত সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কড়া সমালোচনা করেন নেতারা। জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গুম প্রতিরোধ অধ্যাদেশ জারি করা হয়েছিল, কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর সেই অধ্যাদেশ বাতিল করেছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের নতুন গুম প্রতিরোধ আইনকে 'দুর্বল আইন' হিসেবে আখ্যায়িত করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। নতুন আইনটি গুম-সংক্রান্ত কমিশন ও মানবাধিকার কমিশনের ক্ষমতা খর্ব করছে বলেও অভিযোগ করেন তিনি।
স্মারকলিপিতে অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে উল্লেখিত সুপারিশগুলোকে আইনে পরিণত করার দাবি জানানো হয়।