অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৪ সেপ্টেম্বর তাঁর বক্তব্য শুনতে চায় সংস্থাটি।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগে জানা যায়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন এস এম শফিউদ্দিন।
সাবেক এই সেনাপ্রধান তিন বছর সেনাবাহিনীর সর্বোচ্চ পদে আসীন ছিলেন এবং তিনি ছিলেন সেনাবাহিনীর ১৭তম সেনাপ্রধান। আত্মপক্ষ সমর্থনের সুযোগ হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
জিজ্ঞাসাবাদ টিমের নেতৃত্বে থাকবেন সংস্থাটির পরিচালক আবুল হাসনাত।
এদিকে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে সোমবার থেকে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করবে দুদক।
এর আগে ২১ জুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে চার দিনের রিমান্ডের নির্দেশ দেন আদালত। দুদকের নতুন কমিশন আসার পর তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হলো।