৩০ আগস্ট 'আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস' উপলক্ষ্যে গুমের শিকার হয়ে ফিরে আসা ব্যক্তিরা দেশে ফ্যাসিবাদ পুনরুত্থানের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম ও খুনের সাথে জড়িত সকলের বিচার দাবি করেন।
জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরুর আগে বক্তারা বলেন, গুম-খুনের সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অন্তর্বর্তী সরকারের সময় হওয়া অধ্যাদেশগুলো পুনরায় পাশ করার দাবি জানান।
বক্তারা গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়ে সমালোচনা করে জানান, লুকোচুরি না করে সংশ্লিষ্ট সংস্থা, রাজনৈতিক দল এবং ব্যক্তিদের শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ গুম-খুনের মতো অপরাধে লিপ্ত হতে সাহস না পায়।
এই পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা এবং গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। রাজধানীর বাংলামোটর থেকে শুরু হয়ে তারা সংসদ ভবনের প্রধান গেটে এসে থামেন, যেখানে ১১ দলের নেতারা বক্তব্য রাখেন।
পদযাত্রার অংশ হিসেবে সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল স্পিকার বরাবর ১১ দলের স্মারকলিপি পৌঁছে দেন, যাতে গুম অধ্যাদেশ পুনর্বহালের দাবি জানানো হয়।