সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আইনজীবীর প্রেমের সিনেমা বন্ধের নোটিশে বিতর্কের সৃষ্টি

আইনজীবী মাহমুদুল হাসান মামুনের প্রেমের সিনেমা বন্ধের নোটিশ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

আইনজীবীর প্রেমের সিনেমা বন্ধের নোটিশে বিতর্কের সৃষ্টি

সামাজিক মূল্যবোধের রক্ষাকল্পে প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা-নাটক নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। নোটিশটি গত ২৭ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়।

নোটিশে বলা হয়, বর্তমান নাটক ও সিনেমায় পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক করে দেখানো হচ্ছে, যা পারিবারিক ও সামাজিক মূল্যবোধের ক্ষতি করছে। আইনজীবী মামুন ১০ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে হাইকোর্টে জনস্বার্থে রিট করার হুঁশিয়ারি দেন।

নোটিশ প্রকাশের পর নেটিজেনরা আইনজীবীর পুরনো ফেসবুক পোস্ট খুঁজে বের করেন, যেখানে তিনি নিজেই প্রেমের সিনেমা দেখার কথা উল্লেখ করেছেন। ২০২৫ সালের ৫ আগস্ট তিনি ভারতীয় সিনেমা ‘রাধে শ্যাম’ দেখার কথা জানান এবং এটিকে ‘জটিল প্রেমের গল্প’ বলে বর্ণনা করেন।

এই দ্বৈত অবস্থানের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যিনি নিজেই প্রেমের সিনেমা উপভোগ করেন, তিনি কীভাবে গোটা একটি ধারাকে নিষিদ্ধ করার দাবি করতে পারেন।

এদিকে, নোটিশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে টেলিভিশন ও অডিওভিজ্যুয়াল অঙ্গনের সাতটি সংগঠন একযোগে বিবৃতি দিয়েছে। সংগঠনগুলো নোটিশের তীব্র নিন্দা জানিয়ে সৃজনশীল স্বাধীনতা ও শিল্পীর মতপ্রকাশের অধিকার রক্ষা করার দাবি জানায়।

প্রতিবাদলিপিতে স্বাক্ষরকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ, অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ, টেলিভিশন নাট্যকার সংঘ এবং ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনগুলো মনে করে, নির্দিষ্ট কোনো কনটেন্ট নিয়ে আপত্তি থাকলে প্রচলিত আইন ও নিয়মের মধ্যে তার প্রতিকার সম্ভব, তবে গোটা একটি ধারাকে বন্ধ করার উদ্যোগ গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন