দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন।
রোববার (৩০ আগস্ট) তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা আব্বাস ঢাকায় অবতরণ করবেন।
মিজানুর রহমান সোহেল বলেন, "মেডিকেল বোর্ডের পরামর্শ, চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা এবং মহান আল্লাহর অশেষ রহমতে মির্জা আব্বাস বর্তমানে সুস্থতার পথে রয়েছেন।"
মির্জা আব্বাসের দেশে ফেরার খবরে তার পরিবার, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। তিনি সকলের কাছে মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতা ও নিরাপদে দেশে ফেরার জন্য দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতার কারণে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিচ্ছিলেন।