অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বুধবার (৫ আগস্ট) এক আলোচনা সভায় মন্তব্য করেছেন যে, বর্তমান জাতীয় সংসদটি তার দেখা সবচেয়ে সুষ্ঠু নির্বাচনের ফল।
জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, "যেই জন্য রক্ত দিয়েছে, যেই জন্য জীবন দিয়েছে জুলাই যোদ্ধারা, তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব প্রধানত এই সংসদের।"
তিনি আরও উল্লেখ করেন, "এই সংসদ গণঅভ্যুত্থানের ফসল। এই সংসদ একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করবে, এই আশায় বুক বেঁধেছে দেশের সকল মানুষ।"
অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, "আমার বেশ কয়েকটি সংসদ দেখার সুযোগ হয়েছে। মনে হয়, এবারের যেই সংসদটি গঠিত হয়েছে, অতীতের যেকোনো সংসদের চেয়ে গুণগত মানে অনেক উৎকৃষ্ট একটি সংসদ আমরা পেয়েছি।"
তিনি বলেন, "এই জাতীয় সংসদ এবং বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হলো জুলাইয়ে যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি সুবিচার করা।"
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সাথে তুলনা করে তিনি বলেন, "এই জুলাই গণঅভ্যুত্থানও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয়েছে। এটি ১৬ বছরের অক্লান্ত পরিশ্রমের ফল।"
অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, "আমরা যেন জনগণের চেতনাকে, জনগণের আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারি, এটি হওয়া উচিত আমাদের আজকের সংকল্প।"