বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রের অবস্থায় ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই-আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস সময়। সেই রক্তাক্ত অধ্যায়ের স্মৃতি ধারণ করেই নতুন বাংলাদেশকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছি।
তিনি আরও বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার। বরং আত্মমর্যাদা, সক্ষমতা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিশ্বসম্প্রদায়ের সঙ্গে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলাই হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য।
সম্প্রতি তুর্কিয়ের পররাষ্ট্রমন্ত্রীর সফরে তার একটি মন্তব্য উল্লেখ করে খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক পরিমন্ডল থেকে যে বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল তা ফিরে এসেছে।