বাংলাদেশ আর কখনোই কোনো তাবেদারী রাষ্ট্রের অবস্থায় ফিরে যাবে না বলে স্পষ্ট মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জুলাই-আগস্টের দিনগুলো ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম সময়। সেই রক্তাক্ত অধ্যায়ের মহান স্মৃতি ও শিক্ষা ধারণ করেই একটি স্বনির্ভর ও নতুন বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ড. খলিলুর রহমান আরও উল্লেখ করেন, জুলাই-পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না বর্তমান সরকার। দেশের আত্মমর্যাদা, নিজস্ব সক্ষমতা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিশ্বসম্প্রদায়ের সঙ্গে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলাই হবে বর্তমান পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ।
তিনি তুর্কিয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময় করা একটি গুরুত্বপূর্ণ মন্তব্য উদ্ধৃত করে বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে যে বাংলাদেশ একপ্রকার হারিয়ে যেতে বসেছিল, তা আজ বিশ্বমঞ্চে স্বমহিমায় ফিরে এসেছে।