ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা কার্যকর করা সম্ভব নয়। তিনি জানান, ‘গণমাধ্যম কেবল ২৬টি চ্যানেল নয়, আজকাল প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে। যে যে শুনতে চায়, তারা শুনতে পারবে। এভাবে কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না।’
আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, ‘আমরা শেখ হাসিনার আমলে দেখেছি তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। কোর্টের আদেশ দিয়ে নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটাই বা কী করে গণতন্ত্র হয়?’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। তাঁর পরিবার এবং বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে। ওনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামে তখন আওয়ামী লীগ ছিল একমাত্র দল।’
রুমিন ফারহানা বলেন, ‘ওনার বয়সও হয়েছে, বাংলাদেশে যদি ফিরে না আসেন, ওনার দলের অবস্থা কী দাঁড়াবে; সবকিছু বিবেচনায় আমার কমনসেন্স বলে ওনি ফিরে আসবেন।’
গতকাল ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ নিয়ে তিনি জানান, ‘এটা দেশের আইনশৃঙ্খলার যে নাজুক পরিস্থিতি- সেটাই ইঙ্গিত করে। দলগুলোর যে তাদের ছাত্রসংগঠনের ওপর কোনোরকম নিয়ন্ত্রণ নেই।’
উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় স্থানীয় বিএনপি অনুষ্ঠানটি বয়কট করেছে। এ বিষয়ে তিনি বলেন, ‘বিএনপিকে তো মানতে হবে মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। এই কঠিন সত্যটা বিএনপিকে মেনে নিতে হবে।’