বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এই চলচ্চিত্রটি উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে।
এখন, কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) নির্বাচিত হয়েছে এই সিনেমা। ১০ থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ৫১তম টরন্টো চলচ্চিত্র উৎসবে সিনেমাটির অন্তর্ভুক্তি বাংলা চলচ্চিত্রের জন্য একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি মনস্তাত্ত্বিক হরর চলচ্চিত্র, যা ঢাকার ঐতিহ্যবাহী বিউটি পার্লার ‘মেফেয়ার’কে কেন্দ্র করে নির্মিত। সিনেমাটির গল্পে দেখা যায়, জাইনীন নামের এক তরুণী বিয়ের প্রস্তুতির জন্য ওই পার্লারে আসে। প্রস্তুতির প্রক্রিয়া চলাকালীন সৌন্দর্য, শরীর, বিশ্বাস, স্মৃতি ও ভয়কে ঘিরে একটি অস্বস্তিকর ও রহস্যময় জগতে সে ধীরে ধীরে জড়িয়ে পড়ে।
চলচ্চিত্রটির চিত্রগ্রহণ ২০২৫ সালের ৮ জুন শুরু হয়ে ৮ জুলাই শেষ হয়, মোট ২৬ দিনে শুটিং সম্পন্ন হয়। পোস্ট-প্রোডাকশনের কাজ করা হয়েছে ফ্রান্সের প্যারিস ও পর্তুগালের লিসবনে, যেখানে চূড়ান্ত শব্দ মিশ্রণের কাজ সম্পন্ন হয়।
ফ্রান্সের ল্য ফিল্মস দেলাপে-মিদি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’র মূল প্রযোজক। সহ-প্রযোজনা করেছে পর্তুগালের মিদাশ ফিল্মেশ, বাংলাদেশের খনা টকিজ, নরওয়ের বারেন্টসফিল্ম এএস এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন। আন্তর্জাতিক বিক্রয়ের দায়িত্বে রয়েছে ফিল্মস বুটিক।
চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। সহ-অভিনয়ে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ কামাল। অতিথি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন ও দামীর খান। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।
এই চলচ্চিত্রটি সহায়তা পেয়েছে কাউন্সিল অব ইউরোপের ইউরিমাজ, ফ্রান্সের সিএনসি, পর্তুগালের ইনস্টিটুতো দ্যু সিনেমা আ দ্যু অডিওভিজ্যুয়াল, ইতালির ফোন্দাৎসিওনে প্রাদা ফিল্ম ফান্ড, নরওয়ের সোরফন্ড এবং জার্মানির ওয়ার্ল্ড সিনেমা ফান্ড থেকে।
ফোন্দাৎসিওনে প্রাদা ফিল্ম ফান্ডের প্রথম আসরে ১ হাজার ২০০টির বেশি প্রকল্পের মধ্যে মাত্র ১৪টি চলচ্চিত্র সহায়তার জন্য নির্বাচিত হয়। নির্বাচিত প্রকল্পগুলোর মধ্যে স্বর্ণপামজয়ী থাই নির্মাতা আপিচাতপং বীরাসেথাকুলের নতুন চলচ্চিত্রও অন্তর্ভুক্ত রয়েছে। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত সেই ১৪টি চলচ্চিত্রের মধ্যে একমাত্র চলচ্চিত্র যা পোস্ট-প্রোডাকশনে সহায়তা পেয়েছে।
এছাড়া, ইএভিই প্রডিউসার্স ওয়ার্কশপ, বার্লিনালে কো-প্রোডাকশন মার্কেট এবং লেজ আর্ক ফিল্ম ফেস্টিভ্যালের ওয়ার্ক ইন প্রোগ্রেস বিভাগে অংশ নিয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
চলচ্চিত্রটির প্রযোজনায় রয়েছেন ফ্রান্সের ফ্রঁসোয়া দার্তেমার, পর্তুগালের পেদ্রু বোরজেস, বাংলাদেশের রুবাইয়াত হোসেন ও আদনান ইমতিয়াজ আহমেদ, নরওয়ের ইংরিড লিল হটগুন এবং জার্মানির আনা কাচকো। বাংলাদেশ ছাড়াও চলচ্চিত্রটির নির্মাণে ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপের শিল্পী ও কলাকুশলী যুক্ত রয়েছেন।